যশোর প্রতিনিধি : কোয়ার্টজ পাউডার ঘোষণা দিয়ে ভারত থেকে আমদানি করা একটি চালানে বিপুল পরিমাণ ভায়াগ্রার কাঁচামাল (সিলডেনাফিল সাইট্রেট) ও বিভিন্ন ওষুধ তৈরির অননুমোদিত কাঁচামাল জব্দ করেছে বেনাপোল কাস্টমস। চালানটি অবৈধভাবে সরিয়ে নেওয়ার আশঙ্কায় বন্দরের সংশ্লিষ্ট শেডে ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কাস্টমস সূত্র জানায়, গত ১৫ মার্চ ঢাকার কামরাঙ্গীরচরের মেসার্স আরাফাত এন্টারপ্রাইজ ভারত থেকে প্রায় ১৬ টন পণ্য আমদানি করে। আমদানি ঘোষণাপত্রে পণ্যের নাম উল্লেখ করা হয় ‘কোয়ার্টজ পাউডার’। গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের ৩২ নম্বর শেডে রাখা চালানটি পরীক্ষা করে কাস্টমস কর্মকর্তারা ঘোষণাবহির্ভূত বিপুল পরিমাণ ওষুধের কাঁচামাল উদ্ধার করেন।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৩ হাজার ৬৭৫ কেজি সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রার কাঁচামাল), ৮ হাজার ২০০ কেজি কোয়ার্টজ পাউডার, ২ হাজার ১৫০ কেজি ওমিপ্রাজল/এসোমিপ্রাজল ম্যাগনেসিয়াম ট্রাইহাইড্রেট, ৪৯৫ কেজি এটোরিকক্সিব, ৩৫০ কেজি সেফট্রিয়াক্সন সোডিয়াম, ১৮০ কেজি হাইড্রোকুইনোন, ১২০ কেজি ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, ১০০ কেজি ক্যাফেইন, ১০০ কেজি রিবোফ্লাভিন সোডিয়াম ফসফেট, ৫০ কেজি স্যালিসিলিক অ্যাসিড এবং ৪০ কেজি মন্টেলুকাস্ট সোডিয়ামসহ আরও কয়েক ধরনের কাঁচামাল।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার অটল গোস্বামী স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, চালানটি নিয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে একটি চক্র চালানটি সরিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে এমন আশঙ্কায় বন্দর কর্তৃপক্ষকে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।
এর পর থেকেই সংশ্লিষ্ট শেডে আনসার সদস্য, বেসরকারি নিরাপত্তাকর্মী এবং বন্দরের গোয়েন্দা সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ভায়াগ্রা সন্দেহে আগে জব্দ হওয়া আরেকটি চালান সংরক্ষিত শেডেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন বলেন, বন্দরের নিরাপত্তার জন্য আনসার সহ অন্যান্য এজেন্সির সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । অন্যায় যেই করুক তাকে ছাড় দেয়া হবেনা বলেও জানান পরিচালক ।
কেমন অনুভব করছেন ?
Like
Love
Happy
Sad
