10 Jul 2026, Fri

যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি রাজ্জাক, সম্পাদক জিলহাজ

নিজস্ব প্রতিবেদক :

যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক পদে জিলহাজ হোসেন নির্বাচিত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাব যশোর চত্বরে বিরতিহীন ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইউনিয়নের ৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সহসভাপতি পদে আসাদুজ্জামান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক পদে এস এম আসলাম উদ্দিন, প্রচার সম্পাদক পদে আজিবর রহমান এবং দপ্তর সম্পাদক পদে ফারুক হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া সহসাধারণ সম্পাদক পদে ওলিয়ার রহমান, কোষাধ্যক্ষ পদে আল আমিন এবং সদস্য পদে নুর আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সকাল থেকেই প্রেসক্লাব যশোর চত্বরে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন পদের প্রার্থীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে শেষ মুহূর্তের ভোট প্রার্থনা করেন। ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই ভোটারদের মধ্যে আগে ভোট দেওয়ার আগ্রহ লক্ষ্য করা যায়।

নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষ হলে নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে ভোট গণনা শুরু হয়। ভোট গণনার দায়িত্বে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এস এম তৌহিদুর রহমান। তাঁকে সহযোগিতা করেন কমিটির সদস্য আনোয়ারুল কবির নান্টু, আব্দুল্লাহ হুসাইন ও আসাদ আসাদুজ্জামান।

ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মবিনুল ইসলাম মবিন চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *