দুর্জয় নিউজ ডেস্ক : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে যশোরের কোতোয়ালি মডেল থানার বাহাদুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. নয়ন হোসেন (২৩)এর বাড়ি থেকে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছা. রাফিজা খাতুন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
একই দিন সকাল ৯টা ১০ মিনিটে পূর্ব বারান্দী নাথপাড়া এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মো. রেজাউল ইসলাম (৪০)-এর বাড়ি থেকে ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। অভিযানে তাকেও গ্রেফতার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

