যশোর প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলায় র্যাব-৬ এর পৃথক দুটি অভিযানে ভারতীয় নিষিদ্ধ উনক্যারেক্স ও স্ক্যাফ সিরাপসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে মোট ১ হাজার ৪৩ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬, সিপিসি-৩ (যশোর) এর কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স।
আটকরা হলেন শার্শা উপজেলার গোবিন্দপুর বটতলা এলাকার মো. কামাল হোসেনের ছেলে মো. বশির উদ্দিন, একই এলাকার মো. সানাউল্লাহর ছেলে মো. মিনহাজ এবং চ্যাংরালী বাউন্ডারীপাড়া এলাকার মো. হোসেন আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল শার্শা উপজেলার বিভিন্ন স্থানে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে বশির উদ্দিন ও মিনহাজকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯৯ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। এর মধ্যে ২৩ বোতল উনক্যারেক্স এবং ২৭৬ বোতল স্ক্যাফ সিরাপ ছিল।
একই দিনে পরিচালিত দ্বিতীয় অভিযানে চ্যাংরালীর বাউন্ডারীপাড়া এলাকা থেকে আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে আরও ৭৪৪ বোতল ভারতীয় নিষিদ্ধ স্ক্যাফ সিরাপ জব্দ করা হয়।
দুটি অভিযানে মোট ১ হাজার ৪৩ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।
র্যাবের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় নিষিদ্ধ সিরাপ দেশে এনে যশোরসহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল।
আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কেমন অনুভব করছেন ?
Like
Love
Happy
Sad
