যশোর প্রতিনিধি:
যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে পাঁচ দফা দাবি জানিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। দাবিগুলো বাস্তবায়নে চলতি শুষ্ক মৌসুমের মধ্যেই আমডাঙ্গা খাল সংস্কার এবং আগামী মাঘী পূর্ণিমার আগেই দামুখালি বিলে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) চালুর আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের কাছে স্মারকলিপি দিয়ে এসব দাবি তুলে ধরেন তারা।
স্মারকলিপিতে বলা হয়, ভবদহ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে স্থায়ী জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এ সমস্যা নিরসনে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর আমডাঙ্গা খাল সৃষ্টি করা হলেও দুই বছর আগে খালটি সংস্কারে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। একই সঙ্গে গত বছর ১৪০ কোটি টাকা ব্যয়ে ৮১ কিলোমিটার নদী খননের উদ্যোগ নেওয়া হয়। তবে আমডাঙ্গা খাল সংস্কার প্রকল্পের দরপত্র সম্পন্ন হওয়ার দেড় বছর পার হলেও এখনো মূল কাজ শুরু হয়নি।
কমিটির অভিযোগ, ২৭টি বিলের পানি নিষ্কাশনের প্রধান পথ হরি নদীর অন্তত পাঁচ কিলোমিটার অংশ এখনো প্রয়োজনীয় গভীরতায় খনন করা হয়নি। পাশাপাশি অপসারণ করা হয়নি সব ক্রস বাঁধ। ভবদহ সুইচগেটের উজানে টেকা ও মুক্তেশ্বরী নদীর সাত কিলোমিটার এবং শ্রী নদীর এক কিলোমিটার অংশ খনন না করেই কাজ সম্পন্ন দেখানো হয়েছে বলে দাবি তাদের।
এ ছাড়া মুক্তেশ্বরী নদীতে অসংখ্য নেট-পাটা ও শ্যাওলার কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমানে বিভিন্ন বিলে চার থেকে পাঁচ ফুট পানি জমে থাকায় অধিকাংশ জমিতে আগামী মৌসুমে ফসল উৎপাদন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, আগামী মাঘী পূর্ণিমার জোয়ারের পর নদীগুলোতে ব্যাপক পলি জমার আশঙ্কা রয়েছে। এখনই কার্যকর উদ্যোগ না নিলে ১৪০ কোটি টাকা ব্যয়ে খনন করা নদীগুলো আবারও ভরাট হয়ে যেতে পারে। এতে আগামী বছরও জলাবদ্ধতার কবলে পড়তে পারে ভবদহ অঞ্চল। এ অবস্থায় জাতীয় কর্মশালায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মাঘী পূর্ণিমার আগেই দামুখালি বিলে টিআরএম চালুর দাবি জানানো হয়।
সংগ্রাম কমিটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—চলতি শুষ্ক মৌসুমে আমডাঙ্গা খাল সংস্কারের কাজ শেষ করা; টেকা ও হরি নদীর সব ক্রস বাঁধ অপসারণ এবং অগভীর অংশ খনন করে গভীরতা বাড়ানো; মাঘী পূর্ণিমার আগে আইডব্লিউএমের প্রস্তাবিত বিলে টিআরএম চালু করা; আগামী শুষ্ক মৌসুমে অসমাপ্ত নদী খননকাজ সম্পন্ন করা এবং ভবদহ অঞ্চলে মৎস্যঘের নীতিমালা কার্যকর করা।
স্মারকলিপিতে মৎস্যঘের ব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ জানানো হয়েছে। কমিটির অভিযোগ, অনেক ঘেরমালিক রাস্তা বেড়িবাঁধ হিসেবে ব্যবহার করছেন। কোথাও কোথাও কালভার্ট ও খালের মুখ বন্ধ করে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করা হচ্ছে। পাশাপাশি বোরিংয়ের মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হচ্ছে। এসব অনিয়ম বন্ধে মৎস্যঘের নীতিমালা কার্যকর করার দাবি জানান নেতারা।
স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান আগামী বর্ষা মৌসুমের আগেই আমডাঙ্গা খালের সব কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি টেকা ও মুক্তেশ্বরী নদীর ক্রস বাঁধ দ্রুত অপসারণের আশ্বাস দেন। তবে টিআরএম চালুর বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। একই সঙ্গে মৎস্যঘের নীতিমালা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা তসলিম-উর-রহমান, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, সদস্য শেখের বিশ্বাস, অনিল বিশ্বাস, শিবপদ বিশ্বাস, সুকেন্দু বিশ্বাস, ভগীরথ শিকদার, বিকাশ চন্দ্র মল্লিক ও রাজু আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতারা।
