Year: 2026

যশোর প্রতিনিধি :

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর বাজারে তুচ্ছ ঘটনায় পিতা পুত্রকে ধারালো বস্তু দিয়ে আঘাত করে গুরুতর জখম করেছে যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের আপ্যায়ন সম্পাদক নাজমুস সাকিব ।

স্থানীয়ারা জানান, সোমবার (২৫ মে) সকালে গ্রামে সিদ্দিক মোল্লার ছেলে হানিফা মোল্লা (৪০) ও সাহাবী মোল্লা (২০) ধান বিক্রি করতে রায়পুর বাজারে যান । হাসান আলীর আড়তে ধান মাপার সময় ওজন নিয়ে আপত্তি জানায় হানিফ মোল্লা । তার দাবি আড়তমালিকের বলা ওজনের চেয়ে তার বস্তায় বেশি ধান আছে । এ নিয়ে দুজনের বাকবিতন্ডার এক পর্যায়ে হানিফ তার ছেলে সাহাবীকে বাড়ি থেকে তাদের নিজস্ব পরিমাপক যন্ত্র (দাঁড়িপাল্লা) আনতে বলেন। বাবার কথা মত সাহাবী বাড়ির দিকে রওনা করলে পেছন থেকে ছুটে গিয়ে চাকু দিয়ে সাহাবীর পেটে আঘাত করে আড়ত মালিক হাসানের ছেলে ও যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের আপ্যায়ন সম্পাদক নাজমুস সাকিব (২৫) । সন্তাকে বাঁচাতে এগিয়ে গেলে হানিফার পেটেও ধানের বস্তা ছিদ্র করার ধারালো সুচালো দন্ড মারে সাকিব।

সৌভাগ্যক্রমে আঘাতটি হানিফার কোমরে লাগায় গুরুতর জখম থেকে রক্ষাপান। পরে স্থানীয়রা পিতাপুত্রকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক সাহাবীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাথে সাথে ঢাকায় রেফার করেন। হানিফাকে (৪০) প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে রাখা হয়েছে ।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন হানিফ মোল্লা।

ঘটনার পর থেকে আড়তমালিক হাসান ও তার ছেলে ছাত্রদল নেতা নাজমুস সাকিব আত্মগোপনে রয়েছে বলে জানিয়েছেন রায়পুর পুলিশ ক্যাম্প । তবে এখনো লিখিত কোন অভিযোগ পাননি বলে জানান বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ জালাল আলম । তবে পরিস্থিতি গুরুত্ব দিয়ে বাঘারপাড়া থানা ও রায়পুর পুলিশ ক্যাম্পের সদস্যরা পুলিশের পক্ষ থেকে অভিযান শুরু করেছে বলে জানান ওসি।

যশোরের নওয়াপাড়ার ভাঙ্গাগেট এলাকায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মনোয়ার হোসেন (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর দেড়টার দিকে নওয়াপাড়ার ভাঙ্গাগেট রেললাইনের পাশে কয়লা লোড করতে আসা একটি ট্রাক লাইনের উপর উঠে গেলে খুলনাগামী দ্রুতগামী একটি ট্রেন ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এসময় ট্রাকড্রাইভার ছিটকে পড়ে গুরুতর আহত হন৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার পর কিছু সময়ের জন্য রেল চলাচল সাময়িক বিঘ্ন ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করেন৷

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছার কৃষ্ণনগরে পারিবারিক কলহের জেরে লাঠিপেটার ঘটনায় দুই নারী আহত হয়েছেন। আহতরা হলেন সোমা আক্তার খাদিজা (৩৩) ও ইলমা আক্তার জিম (১৭)।

গত ২ মে বেলা ১১ টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে ।

আহত সোমা আক্তার জানান তার স্বামীর পৈতৃক সম্পদের অংশ ভাসুর আব্দুল্লাহ আল মামুন (৪০) আত্মসাৎ করেছে । এ নিয়ে মাঝে মধ্যেই তাদরে মধ্যে বিতণ্ডা হয়। কিন্তু ঘটনার দিন হাবিব বাড়িতে না থাকলেও মামুন ও তার স্ত্রী রুমা খাতুন (৩০) হটাৎ সোমা ও তার মেয়ে জিমকে বাড়ি থেকে বের করে দেয়ার জন্য বকঝকা করতে থাকেন। একপর্যায়ে জিমকে মারধর শুরু করেন তারা। জিমকে ঠেকাতে গেলে মামুন ও রুমা লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে সোমাকে। এতে তার দুটি হাতই ভেঙ্গে যায়। জিমের শরীরেও মারপিটের চিহ্ন রয়েছে।

প্রতিবেশিরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।  

জরুরি বিভাগের চিকিৎসক ডা. জোবায়ের আহমেদ জানিয়েছেন, আহত দুজনের অবস্থা এখন আশঙ্কামুক্ত। আঘাতের ফলে সোমার দুটি হাতই ভেঙ্গে গেছে । জিম আশঙ্কা মুক্ত। দুজনেরই চিকিৎসা চলছে ।

এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগীরা । অভিযুক্তরা হলেন কৃষ্ণনগর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন ও তার স্ত্রী রুমা খাতুন।

দুর্জয় নিউজ : সংগ্রাম যারা বোঝে, নেতৃত্ব তাদের হাতেই উঠে আসে। পিরোজপুরের নেছারাবাদের মাটি থেকে উঠে আসা মহাসিন ইসলাম অপি যেন তারই উজ্জ্বল উদাহরণ। রাজনীতি শুধু পদ পাওয়ার বিষয় নয়, এটি লড়াই, সাহস আর আত্মত্যাগের নাম বলে মনে করেন এ ছাত্র নেতা।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তার নির্বাচিত হওয়া কোনো আকস্মিক ঘটনা নয় এটি রাজপথের ঘাম, ত্যাগ আর নির্ভীক অবস্থানের স্বীকৃতি। ৪ এপ্রিল কেন্দ্রীয় কমিটির ঘোষণার মধ্য দিয়ে যে দায়িত্ব তার কাঁধে এসেছে, তা আসলে দীর্ঘদিনের সংগ্রামের বিজয়মালা এবং আরও কাজ করতে হবে তারই ইঙ্গিত।

এই তরুণ ছাত্রজীবন থেকেই রাজপথে নিজের অবস্থান তৈরি করেছেন। অন্যরা যেখানে থেমে গেছে, সেখানে অপি এগিয়ে গেছেন। বাধা, হুমকি, প্রতিকূলতা কিছুই তাকে থামাতে পারেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে তিনি হয়ে উঠেছেন রাজপথের এক নির্ভীক সৈনিক।

প্রতিটি আন্দোলনে, প্রতিটি সংগ্রামে তার উপস্থিতি ছিল দৃঢ় কখনো পিছু হটা তার চরিত্রের বৈশিষ্ট্য নয়। তিনি প্রমাণ করেছেন, রাজনীতি মানে আপস নয় রাজনীতি মানে অবস্থান, প্রতিরোধ এবং নেতৃত্ব।

দায়িত্ব পাওয়ার পর অপির কণ্ঠে দৃঢ় অঙ্গীকার ‘দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকব।’ ‘এটি শুধু বক্তব্য নয় এটি এক যোদ্ধার ঘোষণা ’

তার এই অর্জনে নেছারাবাদের মানুষও আজ গর্বিত। তার এ অর্জনের মধ্যদিয়ে তরুণদের মাঝে নতুন করে রাজনীতির সবুজচত্ত্বর ফিরে পাওয়ার স্বপ্ন ও জাগরণ তৈরি হয়েছে। বিভিন্ন  মাধ্যমে সমর্থন ও শুভেচ্ছার ভাষা বলছে অপি শুধু নেতা নয়! অপি মানে ‘একটি বিশ্বাসের নাম।’

তৃণমূল থেকে উঠে এসে ঢাকা মহানগরের নেতৃত্বে জায়গা করে নেওয়া অপির জায়গা করে নেয়া একটি বার্তাবহণ করে। সেটি হলো ‘যারা লড়াই করে, ইতিহাস তাদের নামেই লেখা হয়।’

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহাসিন ইসলাম অপি।পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সাগরকান্দা গ্রামের মৃত ইউসুফ আলী খলিফার ছেলে।

যশোর প্রতিনিধি :

যশোর জেলা ছাত্রদলের সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে বিগত কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পীকে আর সদস্য সচিব করা হয়েছে শাহ নেওয়াজ ইমরানকে।
শনিবার (২ মে) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামি ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন – সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেনজির বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন, মাসুদ কায়সার ইসতি।

এর আগে ২০১৮ সালের ১৪ জুলাই কেন্দ্রীয় সংসদের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি মামুন অর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান যশোর জেলা ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন। সেই কমিটিতে সভাপতি করা হয় রাজিদুর রহমান সাগর ও কামরুজ্জামান বাপ্পীকে। এর তিন বছর পর ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর সভাপতি সম্পাদক একই ব্যাক্তিদের রেখে ৩৯৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে।

দীর্ঘদিনের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে শনিবার রাতে নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুনহাটখোলা এলাকায় বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাককে কেন্দ্র করে সৃষ্টি হয় তীব্র উত্তেজনা। স্থানীয়দের হাতে গণপিটুনির ঘটনায় ট্রাকের চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (১ মে) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সালথা উপজেলার রসুলপুর এলাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১২৭৩৩২) গ্রামের সরু সড়কে অস্বাভাবিক গতিতে চলছিল। এতে আতঙ্কিত হয়ে এলাকাবাসী ট্রাকটির গতিরোধ করে। এ সময় ক্ষুব্ধ জনতা চালক, হেলপারসহ তিনজনকে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাকটি এর আগে রসুলপুরসহ আশপাশের এলাকায় একাধিক পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছিল। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিলনালিয়া নতুনহাটখোলা এলাকার একটি দোকানে ধাক্কা দেয়। উত্তেজিত জনতা ট্রাকটিতে ভাঙচুরও চালায়।

https://youtu.be/lk1ZuaIrmkE?si=oPFHfTzKL8g7i04m

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ এবং তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া জানান, স্থানীয়দের উত্তেজনার মধ্যেই তিনজনকে মারধর করা হয়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকটি বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে আসছিল। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ট্রাকচালক হান্নান (৪৫) মারা যান। তিনি বোয়ালমারী উপজেলার বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন হেলপার নাঈম (২২) ও আল-আমিন (২৫), তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অবৈধ মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে এবং পুলিশ হত্যার বিচারে দাবিতে যশোর জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ জাহিদুর রহমান লাবু ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মাজহারের নেতৃত্বে শহরের বকুলতলায় মিছিল ও সমাবেশের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ ।

যশোরে যুবলীগের দুটি গোপন কর্মসূচি পালন হয়েছে বলে দাবি করে ভিডিও প্রকাশ করার পর বিষয়টি জেলা পুলিশের নজরে আসে – এ ঘটনায় বুধবার দিবাগতরাতে পুলিশের একাধিক টিম শহরের বিভিন্নস্থানে যৌথ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে ।

গ্রেফতারকৃতরা হলেন শহরের কাজীপাড়া এলাকার আনসার আলীর ছেলে সৈয়দ তৌফিক জাহান, একই এলাকার নুরল আলমের ছেলে শফিকুল ইসলাম সুজন, মৃত লোকমানের ছেলে বাবলু শেখ, শহিদুল ইসলামের ছেলে সোহান হোসেন এবং ষষ্টিতলা এলাকার সৈয়দ আহমদের ছেলে আনোয়ার হোসেন বাবু।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি মাসুম খান বলেন, ‘তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে গোপনে বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছিলেন। এমনকি যুবলীগের মিছিলের সঙ্গেও তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এছাড়া এ ঘটনায় বুধবার মধ্যরাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে।’