কোর্ট প্রতিবেদক : প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে হাজির না হওয়ায় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, তার স্ত্রী, সন্তান ও দুই সাক্ষীসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
মামলার নথি সূত্রে জানা গেছে, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা একটি বিশ্বাসভঙ্গ-সংক্রান্ত মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। চলতি বছরের ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ সংক্রান্ত সমন জারি করেন।
আদালত সূত্র জানায়, অভিযুক্তদের সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে আইনি জবাব দাখিলের জন্য ১৭ জুন দিন ধার্য করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ে তারা আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আহমেদ জোবায়ের ছাড়াও পরোয়ানাভুক্ত অন্যরা হলেন তার স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, দুই সন্তান সারাফ নাওয়ার জয়ীতা ও আহমেদ রাফিদ কাদের ঋভু। এছাড়া মামলার দুই সাক্ষী শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরীর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।


























