যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় ছেলের পরীক্ষায় ছয় বিষয়ে ফেল করাকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারপিট করার অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা ইউনুস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ঝিকরগাছার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষক সঞ্জয় মারিয়াস রোজারিও থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ইউনুস আলীর ছেলে আরফিন আহমেদ ছয়টি বিষয়ে অকৃতকার্য হয়। ফলাফল বাড়িতে জানানোর পর মঙ্গলবার বেলা সাড়ে মিনিটের দিকে ইউনুস আলী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায় কক্ষে প্রবেশ করেই প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারেন। এতে প্রধান শিক্ষক শরীরের বিভিন্ন স্থানে জখম হন। পাশাপাশি অফিসকক্ষের আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী ভাঙচুর, গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট এবং শিক্ষকদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া অফিসকক্ষের ড্রয়ারে থাকা ১০ হাজার টাকা ও টেবিলের ওপর থাকা একটি মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন প্রধান শিক্ষক।
পরে স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানিয়েছেন,‘ঘটনার পরপরই শিক্ষার্থী আরফিনের বাবা ইউনুস আলীকে আটক করে ঝিকরগাছা থানা পুলিশ। পরে রাতে প্রধান শিক্ষকের লিখিত অভিযোগের ভিত্তিতে ইউনুস আলীকে গ্রেপ্তার দেখানো হয়।
