নড়াইল অফিস : নড়াইলের কালিয়া উপজেলায় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে বের হওয়া মোটরসাইকেল শোডাউনে হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির সহযোগী সংগঠন জাসাস ও কৃষক দলের দুই নেতা নিহত হয়েছেন।
নিহতরা হলেন কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা এবং উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন মোল্যা। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় হামলায় গুরুতর আহত হওয়ার পর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
সোহেল রানা উপজেলার বড় কালিয়া গ্রামের মোতালেব মোল্যার ছেলে। শাহিন মোল্যা একই উপজেলার মির্জাপুর গ্রামের নিছার উদ্দিন মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আগামী (১৯ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে বুধবার সন্ধ্যা ৬টার দিকে কালিয়া উপজেলা ছাত্রদল ও যুবদল যৌথভাবে মোটরসাইকেল শোডাউনের আয়োজন করে। ছাত্রদল নেতা রাকিবুজ্জামান পাপ্পু ও সরদার আর্মিস্টংয়ের নেতৃত্বে শোডাউনটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে শোডাউনটি নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা পেরিয়ে পশ্চিম পাশের একটি মোড়ে পৌঁছালে পেছন থেকে একদল দুর্বৃত্ত হামলা চালায়।
এ সময় সোহেল রানা ও শাহিন মোল্যা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী দুই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
