যশোরে যানজট নিরসনে অ্যাকশনে ট্রাফিক পুলিশ

স্টাফ রিপোর্টার : যশোরে শহরে যত্রতত্র যানবাহন পার্কিং, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং যানজট সৃষ্টিকারী বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ট্রাফিক পুলিশ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন যশোর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মাহফুজুর রহমান। ট্রাফিক পুলিশের একাধিক টিম শহরের দড়াটানা, হাসপাতাল মোড়, গাড়িখানা, এমকে রোড ও লালদিঘীসহ গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ফুটপাতে অবৈধভাবে পার্কিং করা সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে সেগুলো ট্রাফিক পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এছাড়া সড়কের পাশে যত্রতত্র যানবাহন পার্কিং করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় বিভিন্ন মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পাশাপাশি প্রায় ২০ জন যানবাহনের মালিককে সতর্ক করা হয়। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য বিভিন্ন দোকান মালিক ও ব্যবসায়ীদেরও সচেতন করা হয়।

ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাহফুজুর রহমান বলেন, ‘যশোর শহরকে যানজটমুক্ত, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ রাখতে ট্রাফিক পুলিশ নিয়মিতভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়েছে। যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল এবং ট্রাফিক আইন অমান্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘শহরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চালক ও যানবাহনের মালিকদের নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্রাফিক পুলিশের এ অভিযানে শহরের বিভিন্ন এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে শৃঙ্খলা ফিরে আসে। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে যশোর শহরের যানজট ও অবৈধ পার্কিং সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

কেমন অনুভব করছেন ?

0%
like

Like

0%
love

Love

0%
happy

Happy

0%
sad

Sad

0%
wink

Wink

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top