যশোর প্রতিনিধি :
ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গত রাতে যশোরের বিভিন্ন সড়ক ও পাড়া মহল্লায় মশাল মিছিল , ঝটিকা মিছিল, অবরোধ, পেট্রোল বোমা নিক্ষেপ অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, যশোর-বেনাপোল, যশোর-খুলনা, যশোর-রাজগঞ্জ, যশোর-চুকনগর, যশোর-মাগুরা, যশোর-কুষ্টিয়া ও যশোর-নড়াইল সড়কে এসব ঘটনা ঘটে। পুলিশের তালিকায় সবচেয়ে ঝুঁকিতে ছিলো যশোর- নড়াইল ও যশোর-খুলনা মহাসড়ক ।
এসব কর্মসূচিতে ভারতে অবস্থানরত জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল ও পৌর সভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা হাজী সুমনের অনুসারীরা অংশ নিয়েছেন বলে নিজস্ব ফেসবুক পোস্টে জানিয়েছেন বিপুল ও সুমন।
পোস্টে এসব কর্মসূচির উদ্দেশ্য হিসেবে ‘ঢাকা লকডাউন সফল করার লক্ষ্যে’ উল্লেখ করা হয়েছে। অবরোধের সময় কয়েকটি সড়কে আগুন জ্বালানো হয়। তবে রাতে বড় ধরণের কোন দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যশোর জেলায় ৫৪টি চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ মাঠে কাজ করছে। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের ওপর বাড়তি নজরদারি রাখা হয়েছে। চুরি, ছিনতাই সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় কোনো ধরণের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সার্বিক নির্দেশনায় জেলার নয়টি থানা এলাকায় পুলিশের একাধিক টিম একযোগে দায়িত্ব পালন করছে। তিনি আরও জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রাখা হবে।
অপরদিকে নিষিদ্ধ সংগঠনগুলোর নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে শহরতলীর আরবপুরে জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরানের নেতৃত্বে গভীর রাতে মিছিল করে ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পির নেতৃত্বে সরকারি এমএম কলেজের আসাদ গেটে রাতভর অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদলের নেতা কর্মীরা।
