যশোরের কেশবপুরে আবদুল্লাহ আল মামুন (২৫) নামে এক সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি। রোববার দুপুরে কেশবপুর পৌর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন সদস্য তাঁকে আটক করে মারধর করেন বলে পরিবারের অভিযোগ। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সোমবার সকালে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
আবদুল্লাহ আল মামুন কেশবপুর উপজেলার ঝিকরা গ্রামের বাসিন্দা। পরিবারের ভাষ্য অনুযায়ী, রোববার দুপুরে যশোর শহর থেকে বাড়ি ফেরার পথে কেশবপুর পৌরসভা এলাকায় পৌঁছালে এনসিপির কয়েকজন সদস্য তাঁকে আটক করেন। এ সময় তাঁকে মারধর করা হয়। পরে বিকেলে তাঁকে কেশবপুর থানা-পুলিশের কাছে দেওয়া হয়।
এনসিপির কেশবপুর উপজেলা আহ্বায়ক সম্রাট হোসেনের দাবি, মামুন নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে এবং বিএনপি সরকারের সমালোচনা করে বিভিন্ন পোস্ট দিতেন। এসব অভিযোগের ভিত্তিতে দলের সদস্যরা তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। মারধরের বিষয়ে তিনি বলেন, তাঁকে আটককারীদের কাছ থেকে দু-একটি চড়-থাপ্পড় দেওয়ার কথা শুনেছেন।
অন্যদিকে, আবদুল্লাহ আল মামুনের বাবা সোলায়মান হোসেন ছেলের মুক্তি দাবি করে বলেন, তাঁর ছেলে কোনো অন্যায় করেননি। এরপরও তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রসংগঠনের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সোমবার সকালে সন্ত্রাসবিরোধী আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, সাংবাদিক আবদুল্লাহ আল মামুনকে আটক ও মারধরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন। রোববার রাতে সংগঠনটির সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামুন সংগঠনটির সদস্য। তাঁকে কেশবপুরে দলবদ্ধভাবে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিবৃতিতে তাঁর অবিলম্বে মুক্তি দাবি করা হয়।
