রায়হান হোসেনঃ
যশোরের বেনাপোল রোডের গালিব তেলপাম্প এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। পরে তার মৃত্যুসংবাদ শুনে শোকাহত পিতাও স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বেনাপোল রোড এলাকায় গালিব তেল পাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত ওবায়দুল (৩৫) চৌগাছা উপজেলার ফুলসারা নিমতলা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় আলমসাধু গাড়ির চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওবায়দুল ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা একটি বাস পেছন দিক থেকে তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতাল এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে ছেলের মৃত্যুসংবাদ শুনে তার পিতা রবিউল ইসলাম (৬৫) আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে স্ট্রোকজনিত কারণে তিনিও মারা যান।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ঘটনাটি যশোর সদরের। সেখানে এ
ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply