যশোর অফিস :
যশোরে নেশার টাকার দাবিতে নিজের বাবা-মাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার লোমহর্ষক ঘটনা ঘটেছে। রোববার (২৬ জানুয়ারি) রাত ৩টার দিকে সদর উপজেলার সাতমাইল এলাকার হৈবতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত দম্পতি হলেন ওই গ্রামের আছির উদ্দিন (৭০) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৬০)। বর্তমানে তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের ওই সময় আছির উদ্দিনের ছোট ছেলে সাদ্দাম নেশার জন্য বাবা-মায়ের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে সে ক্ষিপ্ত হয়ে প্রথমে লাঠি দিয়ে দু’জনকে মারধর করে। পরে বটি দিয়ে তাদের বাম হাতে কুপিয়ে গুরুতর জখম করে।
দম্পতির চিৎকারে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ সময় অভিযুক্ত সাদ্দাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক জানান, আহতদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি উভয়ের হাতে ধারালো অস্ত্রের গুরুতর ক্ষত রয়েছে।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
হাসপাতালে কর্তব্যরত যশোর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘটনার পরপরই পলাতক সাদ্দামকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
Leave a Reply