যশোর প্রতিনিধি : যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির প্রার্থী রশীদ আহমাদের একটি বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি হয়েছে। নির্বাচনী পথসভায় দেওয়া ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল ভিডিওতে রশীদ আহমাদকে আওয়ামী লীগের ভোটারদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে পুনরায় আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবেন। যেহেতু এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ নেই, তাই আপনারা ধানের শীষকে ভোট দেবেন।’
সম্প্রতি হিন্দু অধ্যুষিত ভবদহ এলাকায় নির্বাচনী প্রচারণাকালে দেওয়া এমন বক্তব্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে।
রশীদ আহমাদ জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) সাবেক জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। বিএনপির শরীক দল হিসেবে তিনি যশোর-৫ আসনে মনোনয়ন পান। মনোনয়ন পাওয়ার পর তিনি জমিয়তে উলামায়ে ইসলাম থেকে পদত্যাগ করে বিএনপির প্রাথমিক সদস্য হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী প্রয়াত মুফতি মো. ওয়াক্কাসের ছেলে।
ভিডিওতে রশীদ আহমাদ আরও বলেন, ‘এই এলাকার অধিকাংশ মানুষ আওয়ামী লীগ করে। শহীদ জিয়াউর রহমান ক্ষমতায় এসে নিষিদ্ধ রাজনৈতিক দলগুলো চালু করেছিলেন। দেশনায়ক তারেক রহমান ক্ষমতায় এলে আওয়ামী লীগকেও রাজনীতির সুযোগ দেবেন বলে আমরা আশা করি।’
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর এমন বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনা চলছে। অনেকে মনে করছেন, আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের দিকে টানতেই এমন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জুলাইযোদ্ধা সংগঠনের যশোর জেলা আহ্বায়ক এ বি আহাদ হোসাইন বলেন, ‘এখনও ফ্যাসিস্ট আওয়ামী লীগের হত্যা, গুম-খুনের বিচার হয়নি। জুলাই যোদ্ধাদের রক্তের দাগ শুকায়নি। নতুন বাংলাদেশে ফ্যাসিস্টদের ফিরিয়ে আনার কোনো জায়গা নেই। বিষয়টি নিয়ে আমরা সংবাদ সম্মেলন করবো।’
তবে অভিযোগ অস্বীকার করে রশীদ আহমাদ বলেন, ‘আমার বক্তব্যটি ছিল নিরপরাধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে। বিএনপি ও দেশনায়ক তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি করেন না। প্রতিপক্ষরা এটিকে ভিন্নভাবে উপস্থাপন করে ভোটের মাঠে কৌশল নিচ্ছে।’
Leave a Reply