যশোরে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে শহরের বকুলতলা মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিও ক্লিপে দেখা যায়, রাতের আঁধারে দুজন দুর্বৃত্ত স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পর তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে দ্রুত চলে যেতে দেখা যায়।
সোমবার বিকালে স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়ার কারণে পোড়ার কালো চিহ্ন দেখা যায়। ঘটনার পর স্মৃতিস্তম্ভ চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।
এ বিষয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানিয়েছেন, ‘মোটরসাইকেলে তিনজন দুর্বৃত্ত জুলাই স্মৃতিস্তম্ভের দিকে আসে। তাদের মধ্যে দুজন পলিথিনের দাহ্য পদার্থ দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আমরা সেখানকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেছি। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় দায়িত্বরত দুজন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে তদন্তে তারা দোষী প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’





























